অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়ল কিংবদন্তি পপ-সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক। মাইকেল নামের এ্ই বায়োপিকটি এরই মধ্যে বিশ্বখ্যাত হাঙ্গার গেমস কিংবা টোয়াইলাইটের মতো ব্লকবাস্টার সিনেমাগুলোকে পেছনে ফেলে ছবিটির আয় এখন ৯০০ মিলিয়ন ডলারের একদম দোরগোড়ায়!
অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এই সিনেমাটি গত উইকএন্ডে আরও ২৩.১ মিলিয়ন ডলার পকেটে পুরে বিশ্বব্যাপী মোট ৮৯৭.৯ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে। সর্বকালের সেরা মিউজিক বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’ (৯১০.৮ মিলিয়ন ডলার)-এর রেকর্ড ভাঙতে আর মাত্র হাতছোঁয়া দূরত্বে (১৩ মিলিয়ন ডলার) দাঁড়িয়ে আছেন পর্দায় হাজির হওয়া মাইকেল জ্যাকসন। মুভি বিশেষজ্ঞদের ধারণা, চলতি সপ্তাহেই এই মুকুটও নিজের মাথায় পরে নেবেন এমজে!
এই সিনেমার সবচেয়ে বড় ইউএসপি হলো ছবিতে স্বয়ং মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই আপন ভাই জার্মেইন জ্যাকসনের ছেলে অর্থাৎ মাইকেলের বাস্তব জীবনের ভাতিজা জাফর জ্যাকসন। স্ক্রিনে জাফরের হাঁটাচলা, বাচনভঙ্গি এবং হুবহু মাইকেলের মতো বিখ্যাত ‘মুনওয়াক’ নাচ দেখে থিয়েটারে চোখ কপালে উঠেছে দর্শকদের। আন্তর্জাতিক বাজারে ছবিটির ক্রেজ এতটাই যে, আমেরিকার বাইরে থেকেই ছবিটির আয় এসেছে ৫৪৩ মিলিয়ন ডলারের বেশি!
সিনেমার মেকারদের মূল লক্ষ্য এখন ‘১ বিলিয়ন ডলার’ ক্লাবে ঢোকা। আর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আগামী সপ্তাহে, কারণ ছবিটির অন্যতম বড় বাজার জাপানের থিয়েটারগুলোয় এখনো ছবিটির প্রিমিয়ার হওয়াই বাকি। সেখান থেকে যে বিশাল কালেকশন আসবে, তা ছবিটিকে অনায়াসেই ১ বিলিয়নের এলিট ক্লাবে নিয়ে যাবে।