চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে ওসি, পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুরে কালাইনজুড়া গ্রামে সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। 

স্থানীয়দের বরাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান,  ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ফরিদ মিয়া জুলাই আন্দোলনের আসামি হিসেবে কারাগারে ছিলেন। এসময় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ৫নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন। তিনি স্থানীয় যুবদলের নেতা। সম্প্রতি কারাগার থেকে বের হন ফরিদ আহমেদ। তিনি হাইকোর্টের আদেশ স্বপদে পুনর্বহাল হন। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করতে থাকেন। এদিকে সোমবার সকালে চেয়ারম্যান ফরিদ আহমেদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ শুরু করলে প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন বাধা দেয়। এনিয়ে উভয়পক্ষ নিয়ে দুই দলের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।  দুপুর ১টা পর্যন্ত চলা সংঘর্ষের পুলিশ সদস্যসহ উভয়পক্ষ ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি জানান, সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জসহ পাঁচটি সাউণ্ড গ্রেনেড ও ৩ রাউন্ড টিয়ারগ্যাস ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।