তেঁতুল গাছের মগডালে নারী, দেখতে উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি তেঁতুল গাছের মগডালে এক নারীকে বসে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ। পরে প্রায় তিন ঘণ্টা পর গাছের ডাল বেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে স্বাভাবিকভাবে উঠে চলে যান ওই নারী।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুল গাছের মগডালে মধ্যবয়স্ক এক নারীকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পান। পরে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমাতে শুরু করেন।

স্থানীয়দের জানান, গাছে উঠে থাকা ওই নারীর নাম সাজেদা বেগম ( ৫০)। তিনি একই এলাকার মো. আবু সাইদের স্ত্রী। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি অস্বাভাবিক আচরণ করে আসছেন এবং মাঝেমধ্যে এমন ঘটনাও ঘটান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের অনেক উঁচু ডালে দীর্ঘ সময় বসে থাকার পর নিচে মানুষের ভিড় বাড়তে দেখে সাজেদা বেগম ডাল বেয়ে নিচে নেমে পুকুরে ঝাঁপ দেন। পরে বুকসমান পানি পেরিয়ে পুকুরের কিনারায় উঠে আসেন তিনি।

স্থানীয় জামিল মিয়া বলেন, ওই নারী আগেও একবার এই গাছে উঠছিল। আজকেও গাছে উঠে পরে পুকুরে লাফ দিছে। বিষয়টা দেখে মানুষ ভিড় করছে।

স্থানীয়রা আরও জানান, চলতি বছরের ৬ মে একইভাবে নিখোঁজ হওয়ার একদিন পর ওই একই তেঁতুল গাছের মগডালে সাজেদা বেগমকে দেখতে পাওয়া যায়। সেবার ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামানোর চেষ্টা করলে তিনিও গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন।