পটিয়ার পাহাড় থেকে দুই কৃষক অপহরণ, মুক্তিপণ দাবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার দুই কৃষককে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন পাহাড় থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ জুন) সকালে বাগান থেকে ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে গেলে ৫-৮ জনের একটি সশস্ত্র দল তাদের অপহরণ করে বলে জানা যায়।

অপহৃতরা হলেন চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ শাহজাহান (৪২) ও পশ্চিম এলাহাবাদ গ্রামের আজগর (৪০)।

স্থানীয়দের অভিযোগ, অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীরা তাদের শারীরিক নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে আরও একজনকে গাছের সাথে বেঁধে রাখা হয় বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম জানান, অপহৃতদের মুক্তির জন্য পরিবার থেকে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হলেও তাদের ছাড়েনি অপহরণকারীরা।

এ ঘটনায় পাহাড়ের আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।