রাজধানীতে কর্মীদের ছুরিকাঘাতে সেচ্ছাসেবক দল নেতা নিহত

রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে সেচ্ছাসেবকদল নেতা নিহত হয়েছেন। তার নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি সেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য।

আজ সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। 

এই ঘটনার পর মোবারক তার মামা সেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশি বৈঠক হচ্ছিল। 

তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার সাথে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সাথে তার তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারিরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে।

সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক তাকে মৃত বলে জানান।

স্বজনরা জানান, তার বাসা হাতিরঝিল বাগানবাড়ি। মালিবাগে সিমেন্টের ব্যবসা রয়েছে তার।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রমনা থানায় অবগত করা হয়েছে।