রাজধানীতে যাত্রীবাহী বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

রাজধানীর হাতিরঝিল ওয়ারলেস মোড়ে যাত্রীবাহী বাসচাপায় এ আর আক্তারুল আলম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মালিবাগ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি ওয়ারলেস মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় এক মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল চালকের সাথে তার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোটরসাইকেল চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এসময় আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস চাপা দেয়। পথচারীরা তাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক ও আজমেরী পরিবহনটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালে আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদি পরম বলেন, তাদের বাড়ি পিরোজপুরের কাউখালি থানার বেকুটিয়া গ্রামে। বর্তমানে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় থাকে। একটি কোম্পানিতে চাকরী করতেন তার বাবা। মোবাইল ফোনের মাধ্যমে বাবার দুর্ঘটনার সংবাদ পেয়ে সিরাজুল ইসলাম মেডিকেলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত