ঈশ্বরগঞ্জের সেই এসআই প্রত্যাহার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তল্লাশির নামে বসতঘরে প্রবেশ করে আসামির স্ত্রীর ছাগল বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এ নিয়ে দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ওই এসআইকে অবশেষে প্রত্যাহার করে নেওয়া হয়।

জানা যায়,আঠারবাড়ি তদন্ত কেন্দ্র থেকে তাঁকে ময়মনসিংহ পুলিশ লাইসেন্সে সংযুক্ত করা হয়েছে। সেখানে থেকে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং সরকারি ডিউটি পালন করবেন। গত শনিবার (৬ জুন) ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষারিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য একটি মারামারি মামলার আসামি বাচ্চু মিয়াকে ধরতে গত ১ জুন ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে বিকেলে যায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শকসহ একদল পুলিশ। পরে আসামি না পেয়ে বসত ঘরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ঘর থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন আসামির স্ত্রী কমলা বেগম।

কমলা বেগমের দাবি ছিল, ‘ঈদের আগে দুটি ছাগল বিক্রি করে পাওয়া টাকার মধ্যে ৩৪ হাজার টাকা ঘরে রাখা ছিল। এর মধ্যে ৮ হাজার ৫০০ টাকা কিস্তি দেওয়ার জন্য আলাদা করে রাখা ছিল এবং বাকী ২৫ হাজার ৫০০ টাকা কাপড়ের ভাঁজে একটি কৌটার মধ্যে রাখা ছিল। সেই টাকা হাতিয়ে নিয়েছে। তবে অভিযুক্ত এসআই আব্দুর রাজ্জাক বলেছিলেন আসামি বাচ্চু মিয়ার স্ত্রী কমলা একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশের প্রতি ক্ষিপ্ত হয়ে সে মিথ্যার আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, তিনি গত রবিবার এসআই আব্দুর রাজ্জাক প্রত্যাহারের চিঠি পেয়েছেন।