জামালপুরে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

জামালপুরে পুলিশের ভয়ে ব্রহ্মপুত্র নদে দুই যুবক ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছে। অপর জনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম লিমন মিয়া। সে জামালপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে ।

সোমবার (৮ জুন) রাত ৭টার দিকে সদর উপজেলার নুরুন্দি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে শফিকুল ইসলাম বাবু ও লিমন মিয়া  দুইজন কথা বলাবলি করছিল। এ সময় পুলিশকে দেখতে পেয়ে তারা দুজনই ভয়ে নদে ঝাঁপ দেয়। ব্রহ্মপুত্র নদে স্রোত থাকায় তাদের দেখা যাচ্ছিল না। 

পরে রাতেই পুলিশ স্থানীয় লোকজনকে সাথে নিয়ে নৌকা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে শফিকুল ইসলাম বাবুকে উদ্ধার করতে সক্ষম হলেও লিমন মিয়া নামের যুবককে খুঁজে পায়নি। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে  উদ্ধার কাজ করা সম্ভব হবে না বলে জানান। উদ্ধার হওয়া শফিকুল ইসলাম বাবুকে পুলিশের হেফাজতে নিয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

উল্লেখ্য জামালপুর সদর উপজেলার নরুন্দি নয়াপাড়া গ্রামের নিখোজ লিমনের বাবা মো. আব্দুল জলিলকে সোমবার মাদকবিরোধী অভিযানে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।