ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৩

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের চুহুয়িভ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। হামলার পর সেখানে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে কাজ করে জরুরি সেবা সংস্থাগুলো।

স্থানীয় গভর্নর ওলেহ সিনিয়েহুবভ মঙ্গলবার (৯ জুন) টেলিগ্রামে এ তথ্য জানান।

এদিকে রাশিয়ার সীমান্তঘেঁষা খারকিভ শহরেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এ হামলায় অন্তত ছয়জন আহত হন।

গোলাবর্ষণে একটি ইউটিলিটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ হামলার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে বৈঠক শেষে কিয়েভে ফিরছিলেন। বৈঠকে চার বছর ধরে চলমান যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টা বর্তমানে স্থবির হয়ে রয়েছে।

এর একটি কারণ হিসেবে ওয়াশিংটনের ইরান যুদ্ধ-সংক্রান্ত সংকট সমাধানে অধিক মনোযোগকে দেখা হচ্ছে।

সোমবার জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার একটি ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আগামী সপ্তাহগুলোতে কাজ করার বিষয়ে তাদের আগ্রহ ও প্রস্তুতির প্রশংসা করেন।