নারীদের অংশগ্রহণ

আজও ইসলামী ব্যাংকের সামনে অবস্থান

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন করছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।  আজকের কর্মসূচিতে নারীরাও অংশ নেন। 

এর আগে টানা আট দিন মানববন্ধন কর্মসূচি পালন করলেও নবম দিনে এসে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক নারী গ্রাহক অংশ নেন। আগের দিনগুলোর আন্দোলনে মূলত পুরুষ গ্রাহকদের উপস্থিতি দেখা গেলেও এবার নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

বিক্ষুব্ধ গ্রাহকরা বলেন, আর্থিক অনিয়ম ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকা ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা তাদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিজেদের সঞ্চিত অর্থের নিরাপত্তার স্বার্থেই তারা খুরশীদ আলমের অপসারণ দাবি করছেন।

বিক্ষোভকারীরা এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগের বিচার এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও তোলেন।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এবিষয়ে ব্যাংকটির কর্মকর্তারা জানায়, নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময়ও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে আসছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এর ধারাবাহিকতায় সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয়।