নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ

শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে রবিউল ইসলাম (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর হাটুরিয়া এলাকার ফজলু ঢালীর বাড়ির পাশে জয়ন্তী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রবিউল ইসলাম উপজেলার হাটুরিয়া বাগান বাড়ি এলাকার আব্দুর সত্তার বেপারীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রবিউল ইসলাম ৮ থেকে ১০ জন বন্ধুর সঙ্গে জয়ন্তী নদীতে গোসল করতে নামেন। তার বন্ধুরা নদীর এক পাশ থেকে সাঁতার কেটে অপর পাড়ে চলে গেলেও রবিউল ইসলাম ভালো সাঁতার না জানায় মাঝ নদীতে তলিয়ে যান। পরে তাকে আর দেখা যায়নি।

বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার চেষ্টা চালান। পরে গোসাইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। 

গোসাইরহাট ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার মিল্টন মণ্ডল বলেন, “ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।”

নিখোঁজ রবিউল ইসলামের চাচাতো বড় ভাই সফিক বেপারী বলেন, দুই ভাই এক বোনের মধ্যে রবিউল ইসলাম ছোট। সে রাজমিস্ত্রির কাজ করতেন। ২৪ ঘণ্টা পার হলেও রবিউলকে এখনো পাওয়া যায়নি। আমরা রবিউলকে জীবিত বা মৃত্যু ফিরে পেতে চাই।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এখনও ওই তরুণকে পাওয়া যায়নি।