‘গোলাপ’ নিয়ে নতুন তথ্য দিলেন নিরব-পরী

নানা কারণে পিছিয়ে যাওয়া ‘গোলাপ’ সিনেমাটি  নতুন করে আবার আলোচনায়। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসেই শুরু হতে পারে এ সিনেমার শুটিং। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার নায়িকা পরীমনির দেওয়া একটি পোস্টের সূত্র ধরে বিষয়টি সামনে আসে। পরে এ বিষয়ে গোলাপ-এর নায়ক নিরব জানান, নানা কারণে ছবিটির কাজ কয়েকবার পিছিয়ে গেলেও এবার দ্রুত শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা করছে পুরো টিম। 

নিরব বলেন, বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণ পিছিয়েছে। আমরা শিগগিরই চলচ্চিত্রটির শুটিংয়ে যেতে চাই। তা নিয়ে আলোচনা চলছে। পরীমনির সাথেও আলাপ হয়েছে এ নিয়ে। তিনি আরও জানান, আগামী জুলাই মাসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা। 

রাজনীতিকে কেন্দ্র করে ছোট শহরের বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাওয়া থ্রিলারধর্মী এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা।