একাধিক মামলার বোঝা বয়ে বেড়াচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। কখনো মাদক, আবার কখনো মারধর; বিভিন্ন অভিযোগ-মামলার ভিত্তিতে প্রায়ই কাঠগড়ায় বিচরণ তার। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমনি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেদিনের ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী।
গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। কিন্তু সেখানে গিয়েও তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা, তাকে টেনে নেওয়া এবং এমনকি মারধরের অভিযোগ ওঠে নায়িকার বিরুদ্ধে। পরীমনির দাবি, সেই সাংবাদিক তাকে ব্যাডটাচ করেছিলেন। এর জেরে সেই সাংবাদিকের প্রতি মেজাজ হারান, করেন অকথ্য ভাষা ব্যবহার। পরে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। এবার সেই ঘটনা নিয়েই নিজের বক্তব্য দিয়েছেন।