তথ্য উপদেষ্টা জানালেন

আ.লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন

নির্বাচনসংক্রান্ত শর্ত পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, নির্বাচনসংক্রান্ত শর্তাবলী পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ বিষয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই।’  তিনি বলেন, ‘এটা (স্থানীয় সরকার নির্বাচন) নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তার প্রচারে... এটা হতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন, কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি, তার যে যোগ্যতা আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নিশ্চয়ই নির্বাচন করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পদ- পদবি, আসলে যেটা হয় আর কী, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ-পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসেবে যে কেউ, যদি শর্তাবলী যা আছে, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, নির্বাচন করতে পারেন,। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’