নাটোর সদর হাসপাতাল রোগীর মাকে সুইপারের ধর্ষণ

নাটোর আধুনিক সদর হাসপাতালে রোগীর মাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। দুই দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় নাটোর থানায় মামলা করা হয়েছে। পুলিশ তিন সুইপারকে গ্রেপ্তার করেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছে ভুক্তভোগীসহ হাসপাতালে ভর্তি অন্য রোগীরা। জানা গেছে, ভুক্তভোগী গত শুক্রবার স্বর্দি-জ্বরে আক্রান্ত তার দুই বছর বয়সী কন্যাশিশুকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। গত রবিবার রাত ১০টার দিকে সুইপার অমিত ওষুধ দেওয়ার কথা বলে শিশুটির মাকে কৌশলে ডেকে হাসপাতালের লিফটে ছয়তলার সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে অপর দুই সুইপার অনিল ও প্রাঙ্গন গোপনে ঘটনাটির ভিডিও ধারণ করে।

আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত অমিত শহরের আলাইপুর সুইপার কলোনির বাসিন্দা। অন্য দুই সুইপারও একই এলাকার বাসিন্দা। এদিকে দীর্ঘ সময় মা অনুপস্থিত থাকায় শিশুটির কান্নায় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তরা তাকে খুঁজে না পেয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সহায়তা নেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে তাদের ছয়তলার দিকে যেতে দেখে রাত ২টার দিকে সিঁড়িঘরে গিয়ে তাদের আটক করা হয়।