কিমের সঙ্গে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, উত্তর কোরিয়া সফরে তিনি দেশটির নেতা কিম জং উনের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। একই সঙ্গে উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন।

বুধবার (১০ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বার্তায় শি বলেন, দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা করেছে এবং সম্পর্ক আরও জোরদারে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।

তিনি জানান, দীর্ঘমেয়াদি ও মৌলিক স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-উন্নয়নে অবদান রাখতে তিনি কিমের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুই দিনের সফরে সাত বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া যান শি জিনপিং। সফরকালে দুই নেতা রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত যোগাযোগ আরও জোরদারের বিষয়ে একমত হন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার মতে, কৃষি, প্রযুক্তি ও নির্মাণ খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত পুরোপুরি পুনরায় খুলে দেওয়া, বেসামরিক বিমান চলাচল এবং আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

সফর শেষে শি জিনপিং বলেন, চীন-উত্তর কোরিয়া সম্পর্ক এখন “নতুন এক ঐতিহাসিক পর্যায়ে” প্রবেশ করেছে এবং ভবিষ্যতে আবারও কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেন।