হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ১০টা ৫ মিনিটে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ড্রাম ট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজি চালক আক্কাস মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
আক্কাস মিয়া নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে। এ ঘটনায় অপর তিন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন (৭০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়। মনোয়ারা খাতুন রতনপুর গ্রামের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ডঃ কামরুল আহসানের স্ত্রী।
অপর দুই আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তবে দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।