গাজীপুরের কালিয়াকৈরে অশ্লীল নাচ-গানের তালে তালে নদী পারাপারের ছোট নৌকার ওপর উঠে গেলো পিকনিকের বড় নৌকা। এ দুর্ঘটনায় অল্পের জন্য কয়েকটি তাজাপ্রাণ রক্ষা পেলেও আহত হয়েছেন নৌকার মাঝিসহ ৫ থেকে ৬ জন যাত্রী। মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ষা এলেই তুরাগ নদীতে আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে অধিকাংশ নৌকায় চলে যেন অশ্লীলতা ও মাদকের ছড়াছড়ি। কিন্তু মঙ্গলবার রাত ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় অশ্লীল নাচ ও গানের তালে তালে এমন বড় একটি পিকনিকের নৌকা আসে। হঠাৎ করেই বেতাল হয়ে কালিয়াকৈর বাজার-চাপাইর এলাকায় তুরাগ নদী পারাপারের ছোট নৌকার ওপর উঠে যায়। মুহুর্তের মধ্যে ভেঙে গিয়ে নদী পারাপারের নৌকাটি ডুবে যায়। এসময় নদীর পানিতে ভেসে যেতে থাকেন ওই পারাপারের নৌকার বেশ কয়েকজন যাত্রী আর তাদের বিভিন্ন মালামাল। পরে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে নদীতে ভাসতে থাকা পারাপারের নৌকার যাত্রীদের উদ্ধার করলেও হাফিজুর নামে এক যাত্রী নিখোঁজ হন।
এসময় তাকে না পেয়ে স্থানীয় লোকজন কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হাফিজুরকে উদ্ধার করে এলাকাবাসী। এ দুর্ঘটনায় অল্পের জন্য কয়েকটি তাজাপ্রাণ রক্ষা পেলেও আহত হয়েছেন নৌকার মাঝিসহ ৫ থেকে ৬ জন যাত্রী। আহতদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন স্থানীয় লোকজন। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর এলাকাবাসী ওই পিকনিকের নৌকাটি আটক করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে ওই পিকনিকের নৌকাটি ছেড়ে দেয় এলাকাবাসী।
এদিকে মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিকনিকের বড় নৌকাটি তুরাগ নদী পারাপারের ছোট নৌকার ওপর উঠে যাওয়ার দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এটা ভাইরাল হলে আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে অধিকাংশ নৌকায় অশ্লীলতা ও মাদকের ছড়াছড়ি নিয়ে ফেসবুকে নানা ক্ষোভের সৃষ্টি হয়। এভাবে নৌকায় অশ্লীলতা ও মাদকের ছড়াছড়ি বিষয়ে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তুরাগ নদীতে নৌকার দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এসব বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।