বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লিখে কারাগারে

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয় ও কয়েকটি দোকানের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখার অভিযোগে দায়ের করা মামলায় শিপন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিপন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন পাটোয়ারীর ছেলে।

বুধবার (১০ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত শিপনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মনপুরা উপজেলার একটি বিএনপি কার্যালয় এবং কয়েকটি দোকানের শাটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে শিপনকে গ্রেপ্তার করা হয়।

তবে শিপনের পরিবারের দাবি, তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আসামি করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে পুলিশ দিয়ে আটক করানো হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় শিপনসহ আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত