স্বামী ফিরে দেখেন মেঝেতে স্ত্রীর লাশ

গাজীপুরের কালিয়াকৈরে কাজ থেকে ঘরে ফিরে কাভার্ডভ্যানের হেলপার স্বামী শ্যামল দেখেন মেঝেতে পড়ে আছে তার পোশাকশ্রমিক স্ত্রী সাহেরা খাতুনের লাশ। গতকাল বুধবার ভোরে উপজেলার মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার জলিল মিয়ার মেয়ে নিহত সাহেরা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে একই এলাকার শ্যামলের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে তারা দুজনে গাজীপুরের মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

গত মঙ্গলবার কাজ শেষে আনুমানিক রাত ২টার দিকে বাসায় ফিরে শ্যামল তাদের ঘরের মেঝেতে মাথার চুল ও শরীরের কাপড় এলোমেলো অবস্থায় স্ত্রীর লাশ দেখতে পান। পরে তার চিৎকারে ভাড়া বাসার মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে নিহতের লাশ দেখে পুলিশে খবর দেন। এ বিষয়ে কালিয়াকৈর থানধীন মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামীম হোসেন জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’