দুই চালকের রেষারেষিতে প্রাণ গেল যুবকের

‘পেছনে নম্বর আছে’ হেলপারের এমন সংকেত পেয়ে তৎপর হয়ে উঠেন চালক। পেছনে থাকা একই রুটের আরেকটি বাস যাতে আগে গিয়ে যাত্রী ওঠাতে না পারে, সেজন্য সামনের বাসের চালক ব্যারিকেড দেন। এমনি প্রতিযোগিতার মধ্যে দ্ইুবাসের চাপায় প্রাণ হারান জয়দেব (৪০) নামে এক যুবক। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখাঁরপুলের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পথচারীরা জয়দেবকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জয়দেবের বাড়ি বরিশালে। যাত্রাবাড়ী এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। চানখাঁরপুল এলাকার দোকানদার সিরাজুল বলেন, বুধবার বিকেলে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখাঁরপুলের মাঝামাঝি সড়কে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। ওই সময় একই রুটের ঠিকানা পরিবহনের অপর একটি বাস ওভারটেকিং করার সময় তাকে চাপা দেয়।

জয়দেবের সহকর্মী মিজানুর জানান, জয়দেবসহ তিনি রয়েল ল্যাবরেটরিজ ওষুধ কোম্পানির ডিট্রিবিউটরের কাজ করেন। সকালে তারা শাহবাগ এলাকায় ছিলেন। বিকালে জয়দেবের যাত্রাবাড়ীর বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ মুঠোফোনে তিনি সড়ক দুর্ঘটনায় জয়দেবের আহত হওয়ার খবর পান। একপর্যায়ে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান।