এবিবি চেয়ারম্যান বললেন

ইসলামী ব্যাংকের অস্থিরতা আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবিত করছে

ইসলামী ব্যাংকের অস্থিরতা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রভাবিত করছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে ব্যাংকারদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন।

এবিবি চেয়ারম্যান বলেন, বৈঠকে দীর্ঘ সময় ধরে ইসলামী ব্যাংকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর ব্যাংকারদের সামনে পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং খোলামেলাভাবে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের সংকট সমাধানে দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে গভর্নর ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। কারণ, দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের অস্থিরতা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রভাবিত করছে।