প্রাণ গেল আরও ৮ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। সব মিলিয়ে  হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৯ জন। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। বাকি ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮২ হাজার ২৯ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জন। হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬৩ হাজার ১৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৬ শিশু ঢাকা বিভাগের, সিলেট ও বরিশালের একজন করে রয়েছে। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৪২১ জন ও ৬৯ জনের হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৮৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে হামে ৫৬  শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২২৯ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুজনসহ মোট ৮৮ জন, সিলেটে নিশ্চিত হামে তিনজনসহ ৬৯ জন, চট্টগ্রামে নিশ্চিত হামে ১০ জনসহ ৫৭ জন, বরিশালে নিশ্চিত হামে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে নিশ্চিত হামে দুজনসহ ৫২ জন, খুলনায় হামের উপসর্গে ২৩ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।