পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ১

মাদারীপুরের রাজৈরে পিকআপ ভ্যান ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মুন্সী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কবিরাজপুর থেকে টেকেরহাট আসছিল ইজিবাইকটি। এসময় বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।