ফেনী সদরে সড়কের পাশে থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তাৎক্ষণিভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
আহতের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হলে সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও তার সহকারী চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন উৎসুক মানুষ জড়ো হন। হঠাৎ ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ১০ জন আহত হন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।