দিনাজপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের একটি হত্যা মামলায় বোচাগঞ্জের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার সেতাবগঞ্জ মিল রোর্ডের মো. আফছার আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি একটি মামলায় জামিনে থাকা অবস্থায় গত ৯ জুন মঙ্গলবার দিনাজপুর আদালতে হাজিরা দিয়ে দীর্ঘদিন পর মিল রোর্ডের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মিজানুর রহমান। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দিনাজপুর শহরে জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় তার বিরুদ্ধে পিবিআই পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। ওই চঞ্চল্যকর হত্যা মামলায় আদালত থেকে তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট দিনাজপুর শহরের কাচারি এলাকা থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছিল। আন্দোলনকারীদের মধ্যে জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুল গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ৯ আগস্ট মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় পিবিআই পুলিশ তদন্ত করে অন্যান্য আসামিদের সঙ্গে মো. আফছার আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করেন। ওই মামলার আদালত থেকে ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানার বলে বুধবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

২০২৪ সালের ১৭ আগস্ট বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ জানিয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ  মো. আফছার আলী থানায় মামলা করতে গিয়েছিলেন। একই সময়ে থানায় উপস্থিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি দল। এ সময় বোচাগঞ্জ থানা কমপ্লেক্সে কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়ে তাকে ঘিরে ফেলেন। তখন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলীকে তোপের মুখে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দিতে বাধ্য করেছিলেন। পরে শিক্ষার্থীদের করা একটি মামলায় থানা চত্বরে পুলিশ মো. আফসার আলীকে গ্রেপ্তার করে। সেই মামলায় জামিনে বেরিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার আদালতে হাজিরা দিয়ে নিজ বাড়িতে ফিরে অবস্থানকালীন সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সূত্র: বাসস