পটুয়াখালীর দুমকিতে জমিজমা-সংক্রান্ত বিরোধের একটি মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মামলার জামিনপ্রাপ্ত আসামিরা বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী গ্রামে আব্দুল কাদের খান ও একই এলাকার দেলোয়ার খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে চলতি বছরের ২২ জানুয়ারি দেলোয়ার খানের নেতৃত্বে শাহআলম খান, মতলেব খান, নুরজাহান বেগম, সুলতান খান, মিজান খান, নাজমা বেগমসহ ১০–১২ জন সশস্ত্র ব্যক্তি কাদের খানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পরদিন আব্দুল কাদের খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে পটুয়াখালী জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। গত রোববার আসামিপক্ষ আদালতে হাজির হলে আদালত ১ নম্বর ও ৩ নম্বর আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিরা জামিনে মুক্ত হয়ে গত মঙ্গলবার ও বুধবার বাদী এবং তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, এসব ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেকটা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছে। তাঁদের আশঙ্কা, সুযোগ পেলে জামিনে থাকা আসামি ও তাঁদের স্বজনরা হত্যার চেষ্টা করতে পারেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জামিনে থাকা আসামি মতলেব খান, মিজান খান ও নাজমা বেগম।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’