যশোরের চৌগাছায় স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে জুয়েল আহমেদ রানা নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল আহমেদ (৪০) ওই গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় ও পুলিশ জানায়, রাজনৈতিক বিরোধের জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বর নজরুল ইসলামের ছেলে বাবু ও সুমন ইউসুফ, একই গ্রামের কাশেমসহ অজ্ঞাত আরও ছয়জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা জুয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ, সকালে তিনি তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলাকারীরা তাকে (স্ত্রীকে) একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।