ঐতিহাসিক ছবি নিয়ে ফিফার আপত্তি, জার্সি বদলালো হাইতি

বিশ্বকাপের রণদামামা বাজার ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল হাইতি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আপত্তির মুখে নিজেদের অফিশিয়াল জার্সির নকশায় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ক্যারিবীয় দেশটি। জার্সিতে একটি ঐতিহাসিক যুদ্ধের ছবি যুক্ত করায় ফিফার নিয়মকানুনের বেড়াজালে পড়ে দলটির কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হয়।

আসন্ন বিশ্বকাপের জার্সিটিতে হাইতির স্বাধীনতাসংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছিল। ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ভার্তিয়ের যুদ্ধ’, যা ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে দেশটির স্বাধীনতার পথ সুগম করেছিল, সেই যুদ্ধের একটি চিত্র স্থান পেয়েছিল জার্সিটিতে। এমনকি ফ্লোরিডায় দুটি প্রস্তুতি ম্যাচে এই জার্সি পরেই খেলেছিলেন ফুটবলাররা। তবে ফিফার কিট বা সরঞ্জামবিষয়ক নীতিমালার পর্যালোচনায় বিষয়টি আটকে যায়। ফিফার আশঙ্কা ছিল, মাঠের জার্সিতে এমন চিত্র ভিন্ন কোনো রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।

কলম্বিয়ান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সায়েতা’ অবশ্য স্পষ্ট জানিয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং হাইতির বিনির্মাণে অবদান রাখা সাহসী নারী-পুরুষদের শ্রদ্ধা জানাতেই এই নকশা করা হয়েছিল। তবে ফিফার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা বুধবার জার্সির সংশোধিত চূড়ান্ত রূপ প্রকাশ করেছে।

দীর্ঘ ৫২ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ফিরছে বিশ্ব র‍্যাংকিংয়ের ৮৩ নম্বরে থাকা হাইতি। আগামী শনিবার বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘সি’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল ও আফ্রিকান জায়ান্ট মরক্কো।

ভয়াবহ দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ গ্যাং সহিংসতার কারণে নিজেদের মাঠে বাছাইপর্বের ম্যাচ পর্যন্ত আয়োজন করতে পারেনি হাইতি। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে তাদের এই বিশ্বকাপে কোয়ালিফাই করার গল্পটি ফুটবলবিশ্বে এক রূপকথার মতো। দলের তারকা মিডফিল্ডার জ্যাঁ-রিকনার বেলগার্দে বলেন, ‘অনেকে আমাদের দেশকে কেবল নেতিবাচকভাবেই চেনে। তবে এই বিশ্বকাপ আমাদের পুরো জাতির জন্য এবং দেশের মানুষের জন্য একটি বড় ইতিবাচক বার্তা।’