ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক (টু-স্টেট) সমাধানকে এগিয়ে নিতে যৌথ শান্তি তহবিল গঠন করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। বৃহস্পতিবার (১১ জুন) তিন দেশ এ উদ্যোগের ঘোষণা দেয়।
প্রাথমিকভাবে তহবিলটিতে প্রতিটি দেশ ১০ লাখ পাউন্ড করে অবদান রাখছে। ফলে তহবিলের মোট আকার দাঁড়াচ্ছে ৩০ লাখ পাউন্ড, যা প্রায় ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।
যুক্তরাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই তহবিলের অর্থ নতুন ও চলমান তৃণমূল পর্যায়ের শান্তি উদ্যোগে ব্যয় করা হবে। বিশেষ করে যুবসমাজ, নাগরিক সমাজের সংগঠন এবং নারীদের সম্পৃক্ত করে পরিচালিত প্রকল্পগুলো অগ্রাধিকার পাবে।
তহবিলটি কার্যক্রম শুরু করার পর এর পরিধি বাড়ানো এবং অন্য দাতা দেশ ও সংস্থাগুলোকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এবং অস্ট্রেলিয়া ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ও অনিতা আনন্দের মধ্যে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে এ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টাকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।