আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল হান্নান শাহ্ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

হান্নান শাহ্ ওই এলাকার বাসিন্দা আবদুল গাফ্ফার শাহের ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক ইমরান হোসেন জানান,সকালে বাবার সঙ্গে বাড়ির আঙ্গিনায় মরে যাওয়া একটি সুপারি গাছ কাটতে যান হান্নান শাহ। গাছটির গোড়ালি কাটার পর অসাবধানতাবশত গাছটি টেনে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হান্নান শাহ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দুপুরে হান্নান শাহকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।