পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১০ জুন ২০২৬, ১২:৪৩ এএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তার পিতার নাম মিলন শীল। একই ঘটনায় আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামে আরও একজন। তিনি মৃত দূর্গাপদ চক্রবর্তীর পুত্র। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে ৮-৯ জনের একটি ছিনতাইকারী চক্র উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় প্রবেশ করে। এসময় তাদের কবলে পড়ে পংকজ শীল ও তিলক চক্রবর্তী। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পংকজ ও তিলক। আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পংকজ শীল মারা যায়।

কচুয়াই ইউনিয়ন পরিষদের মেম্বার পাভেল বিশ্বাস জানান, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের গ্রামে প্রবেশ করে। এসময় ছিনতাইকারীর কবলে পড়ে গ্রামের দুই ব্যক্তি। এ ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ জনকে হাসপাতালের পথে একজন মারা যায়।

পটিয়া থানার (ওসি) জিয়াউল হক জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত