সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলার জয়মনিরঘোল এলাকায় উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ডের একটি স্টেশনে বৃহষ্পতিবার সকালে স্থানীয় গ্রামবাসী প্রকাশ্যে হামলা ও ভাংচুর করেছে। এসময় ওই নৌযানে থাকা কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন।
স্থানীয় গ্রামবাসী ক্ষুব্দ হয়ে এই হামলা চালিয়েছে। তবে কেন তারা কোস্টগার্ডের উপর ক্ষুব্দ তা জানা যায়নি। বৃহষ্পতিবার ( (১১ জুন) বিকালে হামলা ভাংচুর করার একটি ভিডিওতে দেখা যায়, জয়মনিরঘোল এলাকার অসংখ্য নারী পুরুষ লাঠিসোটা হাতে কয়েকটি নৌকা নিয়ে পশুর নদে কোস্টগার্ডের একটি নৌযানে উঠে পড়ে হামলা ও ভাংচুর করছে।
তবে এই হামলা ভাংচুরের ঘটনাকে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর বলে দাবি করেছে কোস্ট গার্ড। কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে উক্ত স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকান্ড পরিচালনা করছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা বলে অভিযোগ কোস্ট গার্ডের।
বৃহষ্পতিবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণসহ উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে।
বিশেষ করে সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় ওই এলাকায় কোস্ট গার্ডের একটি স্টেশন স্থাপন করা হয়েছে। এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্থ হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না।
তাই আজ ১১ জুন জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।