রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট

আজ শুক্রবার থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গতকাল বৃহস্পতিবার জারি করেছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শপিংমল, মার্কেট ও দোকানপাট ১২ জুন শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ সময়সূচি চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রযোজ্য হবে।

গতকাল এ বিষয়ে পৃথক একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, আগে ঈদের সময় দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সব বিনোদনকেন্দ্রও রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলমান বা আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বিশেষ সময় ছাড়া দোকানপাট বন্ধ রাখার সময় ছিল রাত ৮টা। এখন এই সময় আরও এক ঘণ্টা বৃদ্ধি করা হলো।