অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ আবারও রাখছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট কেনাবেচার ক্ষেত্রে এ সুযোগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তবে বাজেট বক্তৃতায় অপ্রদর্শিত আয় বৈধ করার বিষয়টি উল্লেখ করা হয়নি। ফলে সংসদে এ বিষয়ে আলাদা আলোচনা ছাড়াই বিধানটি অর্থবিলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা হয়েছিল। ব্যাপক সমালোচনার মুখে পরে তা প্রত্যাহার করা হয়। আওয়ামী লীগ সরকারের সময়ও কালো টাকা বৈধ করার সুযোগ ছিল এবং তখনও অর্থের উৎস নিয়ে প্রশ্ন না তোলার বিধান কার্যকর ছিল।
নতুন বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে অপ্রদর্শিত অর্থ জমি, ভবন বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে কিংবা এসব সম্পদ কেনাবেচার মাধ্যমে অর্জিত অপ্রদর্শিত আয় ঘোষণা করলে তার অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের আইনি কার্যক্রমও গ্রহণ করা যাবে না।
অর্থবিলে বলা হয়েছে কোনো করদাতা যদি জমি, ভবন বা অ্যাপার্টমেন্টের প্রকৃত ক্রয়মূল্য দলিলমূল্যের চেয়ে বেশি দিয়ে থাকেন, তাহলে সেই অতিরিক্ত অপ্রদর্শিত অর্থের ওপর ব্যক্তিশ্রেণির জন্য প্রযোজ্য নিয়মিত হারে আয়কর পরিশোধ করে তা বৈধ করতে পারবেন।
একইভাবে কোনো ব্যক্তি জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট বিক্রির ক্ষেত্রে দলিলে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি অর্থ পেয়ে থাকলে সেই অতিরিক্ত অপ্রদর্শিত আয়ও বৈধ করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে মূলধনী মুনাফার জন্য নির্ধারিত হারে কর দিতে হবে। বর্তমানে এ করহার ১৫ শতাংশ।
তবে কিছু শর্তও রাখা হয়েছে। কোনো ব্যক্তি স্বপ্রণোদিতভাবে আয় ঘোষণা করার আগেই যদি আয়কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অডিট বা অন্য কোনো কার্যক্রম শুরু করে, তাহলেও তিনি অর্থ বৈধ করতে পারবেন। তবে সেক্ষেত্রে নির্ধারিত করের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ কর দিতে হবে।
অপ্রদর্শিত অর্থ বৈধ করতে হলে আয়কর রিটার্নে তা উল্লেখ করতে হবে এবং প্রয়োজনীয় কর পরিশোধের তথ্য দিতে হবে। এরপর ওই অর্থের উৎস নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না।
আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার পর বিধানটি অপরিবর্তিত থাকলে ১ জুলাই থেকে কার্যকর হবে। এরপর আগামী এক বছরের জন্য জমি, ভবন ও অ্যাপার্টমেন্ট কেনাবেচার ক্ষেত্রে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পাওয়া যাবে।