ফুটবল দুনিয়ার মহাকাব্যিক এক অধ্যায়ের শেষ অঙ্ক মঞ্চস্থ হতে যাচ্ছে। লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেই পা রাখতে যাচ্ছেন তাদের ষষ্ঠ বিশ্বকাপে। একজনের বয়স এখন ৪১, অন্যজন ছুঁইছুঁই ৩৯। বিগত কয়েক দশক ধরে ফুটবল বিশ্ব শাসন করা এই দুই মহাতারকা আবারও মুখোমুখি বিশ্বমঞ্চে। আল নাসরের ক্রিস্টিয়ানো আর ইন্টার মায়ামির মেসি দুজনের কেউই থামতে রাজি নন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিয়ে দুজনের লড়াই এখনো যেমন চলছে সমানে সমানে, তেমনই বিশ্বমঞ্চে নিজেদের শেষটা রাঙাতে উত্তর আমেরিকায় পা রাখছেন এই দুই কিংবদন্তি।
মেসির সামনে এবার লক্ষ্য কাতার বিশ্বকাপের শিরোপা ধরে রাখা। সেই সঙ্গে সুযোগ রয়েছে জার্মানির মিরোসøাভ ক্লোসেকে (১৬ গোল) টপকে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (মেসির বর্তমান গোল ১৩) হওয়ার। অন্যদিকে, রোনালদোর ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি। পর্তুগালকে প্রথমবারের মতো ফাইনালে তোলা এবং ১৯ জুলাই সোনার ট্রফিটা উঁচিয়ে ধরাই এখন সিআরসেভেনের একমাত্র পাখির চোখ।
মুখোমুখি লড়াইয়ের সমীকরণ
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা ও পর্তুগাল কীভাবে এবং কখন মুখোমুখি হতে পারে, তা নির্ভর করছে গ্রুপ পর্বের ফলাফলের ওপর
ফাইনালে দেখা
যদি এক দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্য দল গ্রুপ রানার্স-আপ হয়, তবে কেবল ফাইনালেই দেখা সম্ভব।
কোয়ার্টার ফাইনালে দেখা :
দুই দলই যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়।
রাউন্ড অব সিক্সটিনে দেখা :
দুই দলই যদি গ্রুপ রানার্স-আপ হিসেবে পরের পর্বে যায়।
জাতীয় দলের জার্সিতে মেসি ও রোনালদো এ পর্যন্ত মাত্র দুবার মুখোমুখি হয়েছেন (২০১১ ও ২০১৪ সালে)। সেখানে দুজনেই একটি করে জয় নিয়ে সমতায় আছেন।