ইতিহাসে প্রথমবার কানাডা-বসনিয়া

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৪৭ এএম

ফুটবল ইতিহাসের এক সম্পূর্ণ নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বমঞ্চ। উত্তর আমেরিকার মাটিতে আজ এক ঐতিহাসিক দ্বৈরথে মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক কানাডা ও ইউরোপের লড়াকু দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ পথচলায় এই দুই দল এর আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি। সম্পূর্ণ অচেনা দুই প্রতিপক্ষের এই প্রথম দেখা হতে যাচ্ছে বিশ্বকাপের মতো মহামঞ্চে, যা ম্যাচটিকে রূপ দিয়েছে এক ভিন্ন মাত্রার উত্তেজনায়। গ্রুপ ‘বি’-এর এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ১টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে শুরু হবে।

ফুটবল ইতিহাসের পাতায় দুই দেশেরই রয়েছে ভিন্ন দুই ট্র্যাজেডি ও আবেগের গল্প। একদিকে যুগ যুগ ধরে ফুটবল বিশ্বে নিজেদের পরিচয় ও প্রথম জয় খোঁজার লড়াইয়ে থাকা স্বাগতিক কানাডা, অন্যদিকে বলকান যুদ্ধের ক্ষতবিক্ষত ইতিহাস পেরিয়ে ফুটবলের হাত ধরে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো বসনিয়া। নিজেদের ফুটবল ইতিহাসে এর আগে কখনই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে না পারা এই দুই দলের জন্যই তাই টুর্নামেন্টের শুভসূচনা করাটা অস্তিত্বের লড়াই।

বিশ্বমঞ্চে কানাডার অতীত ইতিহাস শুধুই একরাশ বেদনার। ১৯৮৬ এবং ২০২২ সালের বিশ্বকাপে খেলা ৬টি ম্যাচের সবকটিতেই হার মেনেছে তারা। তবে ২০২৪ সালে কোচ জেসি মার্শের দায়িত্ব নেওয়ার পর দলটির ফুটবল দর্শনে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। তার অধীনেই প্রথমবার কোপা আমেরিকায় অংশ নিয়ে সেমিফাইনালে খেলার চমক দেখায় তারা। কিন্তু ঘরের মাঠে ইতিহাস বদলানোর এই মহা-সুযোগের মুখে বড় ধাক্কা খেয়েছে কানাডিয়ানরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে বায়ার্ন মিউনিখ তারকা ও অধিনায়ক আলফোনসো ডেভিসকে। এছাড়া হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন মাঝমাঠের অন্যতম ভরসা মার্সেলো ফ্লোরেস। এমন পরিস্থিতিতে দলটির ফুটবল আক্ষেপ মেটানোর সব আলো থাকবে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জোনাথন ডেভিডের ওপর।

তাছাড়া, টরন্টোর মাঠে নিজেদের সাম্প্রতিক অবিশ্বাস্য রেকর্ডের কারণেও শুভসূচনার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী হতে পারেন তাদের কোচ মার্শ। কেননা এই ভেন্যুতে খেলা নিজেদের শেষ ২৮টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হারের মুখ দেখেছে কানাডিয়ানরা; যার মধ্যে ১৮টি ম্যাচেই তারা জয় পেয়েছে এবং ড্র হয়েছে ৯টি ম্যাচ। এই মাঠে তাদের একমাত্র পরাজয়টি ছিল ২০২৩ সালের নভেম্বরে, জ্যামাইকার বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে।

অন্যদিকে প্রথম দেখাতেই কানাডাকে স্তব্ধ করে দিতে প্রস্তুত বসনিয়া। নব্বইয়ের দশকে গৃহযুদ্ধ এবং রাজনৈতিক ভাঙনের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই দেশটির ফুটবলে আগমনটাই ছিল এক বড় রূপকথা। ফুটবলকে তারা ব্যবহার করেছিল জাতিগত বিভেদ ভুলে যুদ্ধের ক্ষত নিরাময়ের হাতিয়ার হিসেবে। সেই বসনিয়াই এবার বাছাইপর্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে বিদায় করে দিয়ে তাদের ফুটবল ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া বসনিয়া এবার অভিজ্ঞ ও তরুণের মিশ্রণে দারুণ এক দল গঠন করেছে। দলটির মূল কাণ্ডারি হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকো, যিনি দেশটির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও বটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত