২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বর্তমানের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ফলে বিদ্যমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এই সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
করমুক্ত আয়সীমা কেবল আগামী একটি অর্থবছরের জন্যই নয়, করদাতারা যাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন, সে জন্য আগামী পাঁচ বছরের একটি ধারাবাহিক রূপরেখাও এবার বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ এই দুই অর্থবছরে করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা থাকবে ৩ লাখ ৭৫ হাজার টাকা। এরপর ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরে তা বাড়িয়ে করা হবে ৪ লাখ টাকা। আর ২০৩০-৩১ অর্থবছরে সাধারণ করদাতাদের জন্য এই সুবিধা আরও বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।
নারীদের জন্য এই সুবিধা আরও বেশি। নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য করমুক্ত আয়ের সীমা হবে ৪ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। একই সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত যোদ্ধাদের জন্যও থাকছে বিশেষ কর সুবিধা।