চীনের গুয়াংশিতে বিস্ফোরণে নিহত ৭ আহত ১৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংশি জুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে এক বিস্ফোরণে সাতজন নিহত ও আরও ১৭ জন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে চায়না ডেইলি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে অঞ্চলটির শিনগান কাউন্টির লিংশিয়াং সড়ক এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপর পুলিশ, দমকল, চিকিৎসা ও জরুরি সাড়া দলগুলোর উদ্ধার অভিযান সমন্বয় করতে শিনগান কাউন্টি ও গুইলিন শহর থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে হাজির হন। প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে বিস্ফোরণের পর আগুনের ভয়াবহতা এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

শিনগান শহরটি খনিজ ও কৃষি সম্পদে সমৃদ্ধ এক পার্বত্য অঞ্চলে অবস্থিত। উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে চারবার নিবিড় তল্লাশি সম্পন্ন করেন। আহত ১৭ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল আছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গ্যাস পাইপলাইনের ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটেছে। তবে পরে পুলিশ এক বিবৃতিতে সেই সম্ভাবনা নাকচ করে দেয়। ফলে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপর সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনে কাজ করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।