বিশ্বমঞ্চের শুরুতেই খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক রূপকথা লিখল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়েছে 'তায়েগুক ওয়ারিয়র্স'রা। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে নাটকীয় জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করল হং মিয়ুং-বোর দল।
এর আগে বিশ্বকাপের তিন আসরে হার কিংবা ড্র নিয়েই বিশ্বকাপ শুরু করতে হয়েছিল দক্ষিণ করিয়া। তবে সেসব স্মৃতি ছাপিয়ে আক্রমণ আর প্রত্যাবর্তনের মিশেলে দারুণ এক গল্প লিখে জয় নিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করলো সন হিউং-মিনরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও প্রথমার্ধ ছিল সম্পূর্ণ গোলশূন্য। তবে আসল উত্তেজনা ছড়ায় বিরতির পর। ম্যাচের ৫৮তম মিনিটে ল্যাডিস্লাভ ক্রেইচির দুর্দান্ত এক স্ট্রাইকে প্রথমে লিড নেয় দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্র। ৫৯ মিনিটে ভ্লাদিমির কুফালের লং থ্রো হেকে দারুণ এক হেডে বল জালে জড়ান চেক অধিনায়ক ক্রেইচি।
১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন কোরিয়ান শিবিরে অস্বস্তি বাড়ছিল, ঠিক তখনই খোলস ছেড়ে বের হয় তারা। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে অলআউট আক্রমণে যায় হং মিয়ুং-বোর দল। ম্যাচের ৬৬তম মিনিটে চোট কাটিয়ে দলে ফেরা মাঝমাঠের প্রধান কারিগর হুয়াং ইন-বিওম নিখুঁত এক গোল করে দলকে সমতায় ফেরান। লি কাং ইনের বাড়িয়ে দেওয়া বলে চেক ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপে বল জালে জড়ান বিওম।
১-১ ব্যবধানে খেলা সমতায় আসার পর আরও আগ্রাসী হয়ে ওঠে এশিয়ান জায়ান্টরা। আগ্রাসনটা প্রত্যাবর্তনের গল্প লিখে জয়ের ম্যাচের ৭৯তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত; বদলি হিসেবে মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ করে কোরিয়ার হয়ে জয়সূচক ঐতিহাসিক গোলটি করেন ওহ হিয়ন-গিয়ু। ডি বক্সের ডান প্রান্ত থেকে বাড়িয়ে দেওয়া বলে কোনো ভুল করেননি ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। এদিকে এক গোল আর অ্যাসিস্টে দলের জয়ে নায়ক বনে গেছেন বিওম।
শেষদিকে গোল পরিশোধের জন্য চেক প্রজাতন্ত্র মরিয়া হয়ে চেষ্টা করলেও কোরিয়ার নিরেট ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে ২-১ গোলের মহাকাব্যিক জয় নিয়ে মাঠ ছাড়ে সন হিউং-মিনের দল, যা একই সাথে চেকদের বিপক্ষে বিশ্বকাপে কোরিয়ার প্রথম জয়।
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার পরবর্তী ম্যাচ আগামী ১৯ জুন, স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে। এর আগে ১৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে চেকরা।