‘আসল চ্যাম্পিয়নরা চাপের মুখেই জ্বলে ওঠে',- রোনালদো

আপডেট : ১২ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

২০২৬ বিশ্বকাপের মহারণে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। লিসবনের ‘সিদাদ দো ফুতবল’ (ফুটবল সিটি) থেকে দল নিয়ে উড়াল দেওয়ার আগে অবধারিতভাবেই পর্তুগিজদের প্রধান মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। শিরোপার একক দাবিদার হিসেবে নিজেদের ওপর বাড়তি চাপ না চাপালেও, এই মেগা টুর্নামেন্ট ঘিরে নিজের মনে লুকিয়ে থাকা গভীর আত্মবিশ্বাস ও আশার কথা শুনিয়েছেন সিআরসেভেন।

৪১ বছর বয়সী এই ফুটবল মহাতারকা তাঁর ক্যারিয়ারের সম্ভবত শেষ বিশ্বকাপটি খেলতে নামার আগে ঠিক ততটাই রোমাঞ্চ অনুভব করছেন, যতটা ক্যারিয়ারের শুরুতে করেছিলেন। রোনালদো বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত মনে যাচ্ছি। আমরা সবাই জানি যে ইউরো চ্যাম্পিয়নশিপের মতোই বিশ্বকাপ সবসময়ই একটি বিশেষ টুর্নামেন্ট। আমরা বুক ভরা আশা নিয়ে সেখানে যাচ্ছি।"

বিশ্বকাপের মতো দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টে খেলার জন্য নিজের শারীরিক সক্ষমতা ও ফিটনেস নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বভাবসুলভ রসিকতার সুরে রোনালদো বলেন, "আমি একদম ঠিক আছি। আপনারা কি আমার সাম্প্রতিক ম্যাচগুলো দেখছেন না?"

পর্তুগাল এবার শিরোপার অন্যতম ফেভারিট কিনা—এমন প্রশ্নের জবাবে দলের ওপর থেকে চাপ কমাতে চাইলেন এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। তিনি মনে করেন, চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা কেবল মাঠের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করা সম্ভব।

রোনালদো বলেন, "আমরা কি ট্রফি জিতব? সেটা তো টুর্নামেন্টের শেষেই জানা যাবে। আমাদের বর্তমান প্রজন্মটা অসাধারণ, তবে ফুটবলে এমন কিছু বিষয় থাকে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ম্যাচগুলোতে কী ঘটছে, আমরা জিতছি নাকি হারছি—সবকিছুই বড় প্রভাব ফেলে। তবে আমার বিশ্বাস, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে আরও অনেক আনন্দের উপলক্ষ এনে দেবে।"

ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, রাফায়েল লেয়াও, জোয়াও নেভেস এবং ভিটিনহার মতো ইউরোপ কাঁপানো তারকাদের নিয়ে গঠিত বর্তমান পর্তুগাল দলটিকে তাদের ইতিহাসের অন্যতম সেরা ও প্রতিভাবান স্কোয়াড হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক।

তিনি বলেন, "প্রস্তুতির এই সময়টা বেশ ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা জয় পেয়েছি, তবে সবচেয়ে আসল লড়াই শুরু হবে আগামী ১৭ জুন, যখন মূল মঞ্চে বল গড়াবে।"

বিশ্বকাপের মতো মঞ্চে স্নায়ুর চাপ জয় করাটাই যে শেষ কথা, তা মনে করিয়ে দিয়ে ৭ নম্বর জার্সিধারী এই কিংবদন্তি বলেন, "যখন পরিস্থিতি আরও কঠিন হবে, ম্যাচগুলোতে যখন চাপ বাড়বে, ঠিক তখনই বোঝা যাবে আসল চ্যাম্পিয়ন কারা। অনেক কিছুর ওপর এটি নির্ভর করবে, তবে আমি ইতিবাচক যে আমাদের সব কিছু ভালোভাবেই কাটবে।"

বিশ্বকাপের নকআউট পর্বের রাস্তা সহজ করতে রোনালদো তাঁর দলের প্রথম ও প্রধান লক্ষ্যও ঠিক করে দিয়েছেন। তিনি বলেন, "আমাদের প্রথম লক্ষ্য হলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া। এরপর ম্যাচ বাই ম্যাচ, ধাপে ধাপে, শান্ত থেকে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং টুর্নামেন্টের নিজস্ব ছন্দের সাথে মানিয়ে নিতে হবে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত