এক বছরের মেয়াদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীব।
বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রব্বানী সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নায়ারণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী মাশুকুল ইসলাম রাজিবকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ১ (এক) বছর মেয়াদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে মাশুকুল ইসলাম রাজিব উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ। অশেষ শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এই সম্মানিত অবস্থানে পৌঁছানোর তৌফিক দান করেছেন। এই অর্জন আমার একার নয়, এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল।
সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে, যার দিকনির্দেশনা ও আস্থার কারণে আমি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে এই পদের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে নারায়ণগঞ্জের আপামর জনগনের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমিন।