নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যারেজে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নোম মার্কেটের বিপরীতে আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। তখন গ্যারেজ কর্মচারী সানিসহ অন্যান্য লোকজন প্রায় ১০-১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট পুড়ে যায়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব ১১-৪০৩৮ গাড়িটি।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এর আগেও কয়েকমাস পূর্বে একই পরিবহনের বাসে এ ঘটনা ঘটেছিল। এটা পরিকল্পিত কিনা তা আমরা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।