ফ্যাবুলাস ফোরের একজন ক্রিকেটকে গুডবাই বললেন 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই তাৎক্ষণিকভাবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৫ বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে অবসান ঘটল তাঁর ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের।

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের পরাজয়ের ম্যাচে ০ ও ১৮ রান করেন উইলিয়ামসন। এরপরই দ্য ওভাল ও ট্রেন্ট ব্রিজে হতে যাওয়া বাকি দুটি টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন তিনি। মূলত ক্যারিয়ারের গোধূলিলগ্নে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দিতে ২০২৪ সালের জুন থেকেই নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাইরে ছিলেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, "আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। তবে গত কয়েকদিনে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমি সবসময়ই অন্যরকম তাড়না ও ক্ষুধা অনুভব করেছি। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি—এটা ভেবে আমি গর্বিত। এর চেয়ে কম কিছু নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের শর্তে বিদায় নিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।"

উইলিয়ামসন আরও যোগ করেন, "দলটি যেভাবে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমি আশাবাদী। এই দলে প্রচুর প্রতিভা রয়েছে। দলটিকে আমি ভালোবাসি এবং দীর্ঘদিন এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।"

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে তাঁর সংগ্রহ ৯,৫১৫ রান। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় গৌরবময় অধ্যায় ছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে দলকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো। এছাড়া ১৭৫টি ওয়ানডে ম্যাচে ৭,২৫৬ রান (নিউজিল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ) এবং ৯৩টি টি-টোয়েন্টিতে ২,৫৭৫ রান (নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ) করেছেন এই ডানহাতি ব্যাটার।

সমসাময়িক ক্রিকেটের সেরা চার ব্যাটার—যাদের বিশ্বজুড়ে 'ফ্যাবুলাস ফোর' (বিরাট কোহলি, জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন) বলা হয়—তাদের মধ্যে উইলিয়ামসনই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানালেন। তাঁর এই আকস্মিক প্রস্থানে বিশ্ব ক্রিকেটের একটি সোনালী অধ্যায়ের এক মহীরুহের পতন ঘটল।