বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং পর্যায়ক্রমে বিচ ফুটবলের পাশাপাশি অন্যান্য বিচ স্পোর্টসও এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হবে।
শুক্রবার কক্সবাজারের সমূদ্র সৈকতে অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আমি দেখেছি, সেখানে কৃত্রিম সৈকত তৈরি করে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। অথচ বাংলাদেশের রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত, যা আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের জন্য একটি বড় সম্পদ।’ তিনি যোগ করেন, ‘আমরা কক্সবাজারের এই অনন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ের বিচ স্পোর্টস আয়োজন করতে চাই। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের পাশাপাশি পর্যটন শিল্পও আরও সমৃদ্ধ হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকা- থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একটি সুস্থ ও সচেতন জাতি গঠনে সহায়ক।
অনুষ্ঠানে তিনি তৃণমূল পর্যায়ের ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর বিষয়েও কথা বলেন। তিনি জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড আগামী জুলাইয়ের মধ্যে শেষ হবে। এছাড়া আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের পরবর্তী আসর শুরু হবে, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।