নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি আঃ রহিম (৫০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (১২ জুন) ময়মনসিংহ র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি লুৎফা বেগম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১১ জুন (বৃহস্পতিবার) বিকেলে গাজীপুর জেলার জয়দেবপুরের ভবানীপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-১৪ (সদর কোম্পানি) এবং র্যাব-১ (সিপিএসসি)।
গ্রেপ্তারকৃত আঃ রহিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ৬ জুন অভিযুক্ত আঃ রহিম ভুক্তভোগী শিশুর বাড়িতে গিয়ে জানান যে, তাদের একটি গরুর বাছুরকে কুকুরে তাড়া করেছে। এ কথা শুনে শিশুটির মা তাকে বিষয়টি দেখতে পাঠান। পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় মা তাকে খুঁজতে বের হন।
একপর্যায়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি গাব গাছের নিচে আঃ রহিম শিশুটির ওপর জোরপূর্বক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর মা ৯ জুন কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।