প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে ‘মাই ট্রি অ্যাপ’ ভূমিকা রাখবে

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্ভাবন করেছে সামাজিক প্রতিষ্ঠান—আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন। ‘মাই ট্রি’ নামের এই অ্যাপটি তারা প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিতে চায়।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ গাছ রোপণ করা হলেও সেগুলোর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও টিকে থাকার নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের ব্যবস্থা সীমিত। এই বাস্তবতা থেকেই ‘মাই ট্রি’ অ্যাপের ধারণার জন্ম। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি রোপিত গাছের জিও-লোকেশন (জিপিএস), রোপণের তারিখ, প্রজাতি, ছবি, বৃদ্ধি এবং সংরক্ষণ সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে ট্র্যাক করা সম্ভব হবে। এর ফলে শুধু গাছ রোপণই নয়, বরং কতটি গাছ জীবিত রয়েছে এবং কীভাবে বাড়ছে তার নিখুঁত ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে—যা দেশের বৃক্ষরোপণ কার্যক্রমকে তথ্যভিত্তিক ও জবাবদিহিমূলক করবে।

আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারের সম্ভাবনা: সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানান, আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারের সম্ভাবনা বিবেচনায় রেখে ভেরা মেথডোলজি (ভিএম ০০৪৭) গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুসরণ করে অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো ডিজাইন করা হয়েছে। এটি ভবিষ্যতে আন্তর্জাতিক মান অনুযায়ী তথ্য সংরক্ষণ, পর্যবেক্ষণ, যাচাই এবং জলবায়ু অর্থায়নের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

সফল পরীক্ষামূলক কার্যক্রম ও ইতিবাচক সাড়া: সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ৭ জুন ঢাকা কলেজ ক্যাম্পাস, ‘মাই ট্রি’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে অ্যাপটির বিভিন্ন ফিচার ও কার্যকারিতা যাচাই করা হয়।

ইতোমধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বন সচিব এবং ২৫কোটি বৃক্ষরোপণ সেল-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিশেষজ্ঞদের সঙ্গে অ্যাপটির ধারণা নিয়ে আলোচনা হয়েছে। তারা এই উদ্যোগটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এটিকে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য একটি সম্ভাবনাময় প্রযুক্তিগত সমাধান হিসেবে অভিহিত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ‘মাই ট্রি’ অ্যাপ ও ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা হাছিব চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান মাহি, কাজী সালমান রহমান, ইয়াকুব শরীফ, নাইম হোসেন, আজিজুর রহমান ফয়সাল।

সংবাদ সম্মেলনে আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক এবং পরিবেশ সচেতন তরুণরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল ও সার্থক করতে ‘মাই ট্রি’ অ্যাপটি একটি যুগান্তকারী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।