যৌথ বাহিনীর অভিযান

খুলনায় গ্রেনেড বাবুর সৎ ভাই আটক

খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বি কোম্পানি খ্যাত রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে  অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া এই অভিযানে তার সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন জানান, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, সেখান থেকে জনি নামের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বাকি তথ্য পরে জানানো হবে।

কেএমপি সূত্রে জানা গেছে, গ্রেনেড বাবুর বিরুদ্ধে বি কোম্পানি নামের একটি সন্ত্রাসী গ্রুপ নগরীতে একাধিক হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। খুলনা সদর থানার তালিকায় তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রেনেড বাবুর সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনি তার প্রভাব ব্যবহার করে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) ভবন দখল করেন এবং সংগঠনের সদস্য না হয়েও নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) রেজাউর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে একই সময়ে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল্লা, সোনাডাঙ্গা থানার রনি শেখ ওরফে কাবাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি।