আগস্টের শেষেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে: মন্ত্রী

দেশের জ্বালানি খাতে নতুন মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আগস্ট মাসের শেষ দিকে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১২ জুন) বিকেলে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের সভাকক্ষে ‘পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এই আশাব্যঞ্জক তথ্য জানান।

প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, ‘২০২৭ সালের এপ্রিল মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফুয়েল) লোডিং সম্পন্ন হবে।’ তিনি আরও যোগ করেন, ‘কেন্দ্রটি পূর্ণমাত্রায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে কারিগরি ও কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং প্রকল্পের প্রধান সমন্বয়ক (এনএসপিসি) ব্রিগেডিয়ার রোবায়েত। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা ও এর কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধাপ বর্ণনা করেন।

সেমিনারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর প্রতিনিধি মেহমেত জেইহান উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের বিশিষ্টজনেরা এতে অংশ নেন।