নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কর্মেশ্বর্দী এলাকার বাসিন্দা এবং বর্তমানে সদাসদী এলাকায় শরীফের বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একই বাড়িতে থাকা ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সিয়াম (২৪) তাকে জোরপূর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাড়ির মালিক শরীফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। কিন্তু পরবর্তীতে স্থানীয়রা বিচার দাবি করলে শরীফ ও শান্ত উল্টো ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সহায়তা করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ির মালিক শরীফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে উত্তেজিত জনতা গোপালদী তদন্ত কেন্দ্র ঘেরাও করে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রয়েছে। পরে তাদের থানায় পাঠানো হয়েছে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।